সিলেটের আকাশ মেঘলা: জামাতে নিশ্ছিদ্র নিরাপত্তার আশ্বাস সিসিক প্রশাসকের
সিলেটে পবিত্র ঈদুল ফিতর ঘিরে আনন্দের পাশাপাশি দেখা দিয়েছে ঝড়–বৃষ্টির শঙ্কা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঈদের দিন কালবৈশাখীসহ বজ্রবৃষ্টি ও বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে।
এ অবস্থায় সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। মুসল্লিদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার বিকেলে ঈদগাহ ময়দান পরিদর্শন করেন সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। পরিদর্শন শেষে তিনি বলেন, শাহী ঈদগাহ একটি ঐতিহ্যবাহী স্থান, যার ইতিহাস কয়েক শতাব্দী পুরোনো। এ মাঠে অতীতে বহু গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
তিনি জানান, ঈদের প্রধান জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ, র্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের কর্মীরাও মাঠে উপস্থিত থেকে মুসল্লিদের সহায়তা করবেন।
মুসল্লিদের সুবিধার্থে ঈদগাহ প্রাঙ্গণে সুপেয় পানির ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া অন্তত তিনটি প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসা দেওয়া যায়।
সিসিক প্রশাসক বলেন, ঈদগাহ মাঠের সংস্কার, পরিষ্কার–পরিচ্ছন্নতা ও রংকরণের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি সিলেটবাসীকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের আহ্বান জানান।
এবারের ঈদ জামাতে সরকারের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও অংশ নেবেন বলে জানা গেছে। তাদের মধ্যে রয়েছেন মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ঈদগাহ পরিদর্শনের সময় সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আবহাওয়ার প্রতিকূলতার আশঙ্কা থাকলেও প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে সিলেটে শান্তিপূর্ণভাবে ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: