সিলেটে পর্যটকদের ঢল: মুখর জাফলং-সাদাপাথর, চা বাগানে উপচেপড়া ভিড়
পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটন নগরী সিলেটের বিনোদন কেন্দ্রগুলোতে ভ্রমণপিপাসুদের ঢল নেমেছে। ঈদের দিন থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে পর্যটকরা ভিড় করছেন সিলেটের পাথুরে নদী, জলপ্রপাত ও সবুজ চা বাগানগুলোতে। গতকাল রোববার (২২ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গোয়াইনঘাটের জাফলং, বিছানাকান্দি, পান্তুমাই এবং কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ সাদাপাথর এলাকা ছিল দর্শনার্থীদের পদচারণায় মুখর। এছাড়া এশিয়ার অন্যতম বৃহত্তম রাতারগুল সোয়াম্প ফরেস্টেও পর্যটকদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। শহরের কোলঘেঁষা মালনিছড়া ও লাক্কাতুরা চা বাগানের সবুজ গালিচায় সময় কাটাতে হাজারো মানুষ ভিড় জমাচ্ছেন, যার ফলে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা-বাণিজ্যে বইছে সুবাতাস।
পর্যটকদের এই বাড়তি চাপে হাসি ফুটেছে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী ও সেবা প্রদানকারীদের মুখে। জাফলংয়ের নৌকার মাঝি ছালাম মিয়া ও স্থানীয় ব্যবসায়ী জাকির হোসেন জানান, ঈদের ছুটিতে পর্যটক বাড়ায় তাঁদের আয় কয়েক গুণ বেড়েছে; বিশেষ করে খাবার, পানি ও স্থানীয় হস্তশিল্পের বিক্রি উল্লেখযোগ্য। পর্যটকদের নিরাপত্তা ও বিশৃঙ্খলা এড়াতে মাঠে সক্রিয় রয়েছে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানিয়েছেন, পর্যটন স্পটগুলোতে টহল জোরদার করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ সিলেট অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার চৌধুরী জানান, পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে সাদা পোশাকে ও ইউনিফর্মে পুলিশ মোতায়েন রয়েছে; কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ট্যুরিস্ট পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। আগামী কয়েক দিন এই ভিড় আরও বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ রহমান
মন্তব্য করুন: