নিখোঁজ ইলিয়াস আলীর বাড়িতে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির
নিখোঁজ বিএনপি নেতা ও সাবেক সাংসদ এম ইলিয়াস আলীর পৈত্রিক বাড়ি পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামে অবস্থিত ওই বাড়িতে যান।
পারিবারিক সূত্র জানায়, ইলিয়াস আলীর অসুস্থ ও বয়োবৃদ্ধ মা সূর্যবান বিবির খোঁজখবর নিতে উপদেষ্টা সেখানে যান। তবে তিনি পৌঁছানোর সময় সূর্যবান বিবি ঘুমিয়ে থাকায় তাঁর সঙ্গে সরাসরি সাক্ষাৎ হয়নি। এরপরও কিছু সময় বাড়িতে অবস্থান করে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি।
পরিবারের সদস্যরা জানান, হঠাৎ এই সফরের বিষয়ে আগে থেকে তাঁরা কিছু জানতেন না। এ সময় বাড়িতে উপস্থিত ছিলেন না ইলিয়াস আলীর স্ত্রী ও সিলেট-২ আসনের বর্তমান সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। তিনি নির্বাচনী এলাকায় ব্যস্ত ছিলেন। এছাড়া ইলিয়াস আলীর ভাই ও ছেলে যথাক্রমে ওসমানীনগর ও ঢাকায় অবস্থান করছিলেন।
পরিবারের সদস্যদের অনুপস্থিতি সত্ত্বেও অতিথি আপ্যায়নে কোনো ঘাটতি ছিল না বলে জানা গেছে। বাড়ির লোকজন উপদেষ্টাকে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান।
স্থানীয় বাসিন্দারা এই ঘটনাকে রাজনৈতিক আনুষ্ঠানিকতার বাইরে একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন। তাঁদের মতে, ভিন্ন রাজনৈতিক অবস্থান থাকলেও পারস্পরিক সৌজন্য ও সহমর্মিতার এমন উদাহরণ ইতিবাচক বার্তা বহন করে।
ডি আর ডি
মন্তব্য করুন: