মহান স্বাধীনতা দিবসে সিলেটে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি
Led Bottom Ad

মহান স্বাধীনতা দিবসে সিলেটে জেলা প্রশাসনের দিনব্যাপী কর্মসূচি

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/০৩/২০২৬ ১৭:২৬:৪৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে সিলেটে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে জেলা প্রশাসন। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি পালনে প্রস্তুতি নেওয়া হয়েছে।


কর্মসূচি অনুযায়ী, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সিলেটের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। একই সময়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে।


এছাড়া সূর্যোদয়ের পরপরই কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।


সকাল ৯টায় সিলেট জেলা স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। পরে সকাল ১১টায় এম. সাইফুর রহমান অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনার আয়োজন রয়েছে।


দুপুর ২টায় হাসপাতাল, কারাগার, এতিমখানা ও শিশু পরিবারে প্রীতিভোজের আয়োজন করা হবে। পাশাপাশি দিনব্যাপী বিভিন্ন স্থানে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।


দিবসটি উপলক্ষে ওসমানী শিশু পার্ক, জাদুঘরসহ বিভিন্ন বিনোদন কেন্দ্র সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখা হবে। এছাড়া বাদ জোহর বা সুবিধাজনক সময়ে মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনার আয়োজন রয়েছে।


দিনের কর্মসূচির শেষভাগে বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি, সিলেটে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়েছে।


সিলেটের জেলা প্রশাসক সারওয়ার আলম মহান স্বাধীনতা দিবসের সব আয়োজনে সবার অংশগ্রহণ প্রত্যাশা করেছেন।

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad