বিশ্বনাথ হাসপাতালে এমপি লুনা ইলিয়াসের হুঁশিয়ারি
‘আমার আত্মীয় হলেও অনিয়মে কাউকে ছাড় নেই’
সিলেটের বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বাড়াতে এবং অব্যবস্থাপনা দূর করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দিয়েছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা ইলিয়াস। বুধবার (২৫ মার্চ) সকাল ১১টার দিকে হাসপাতালটি আকস্মিক পরিদর্শনকালে তিনি স্বাস্থ্য কর্মকর্তাদের উদ্দেশে বলেন, "চাকরি করতে হলে কাজ করতে হবে। এখানে আমার কোনো আত্মীয় থাকলেও অনিয়মের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না। রোগীদের সেবার প্রশ্নে কোনো আপস নেই।"
এমপি লুনা ইলিয়াস এসময় হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলোর একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে তাঁর কাছে জমা দেওয়ার নির্দেশ দেন এবং সেগুলো সমাধানে দ্রুত সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তাহসিনা রুশদীর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং দালাল ও বহিরাগতদের দৌরাত্ম্য বন্ধে কঠোর অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, "হাসপাতাল এমন একটি জায়গা যেখানে মানুষ সবচেয়ে অসহায় অবস্থায় আসেন। এখানে কোনো ধরনের অব্যবস্থাপনা বা অবহেলা গ্রহণযোগ্য নয়। রোগীদের জন্য একটি মানবিক ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে।"
তিনি আরও যোগ করেন যে, হাসপাতালে সবার আগে রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং সেবাপ্রাপ্তিতে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকে বিশেষ নজর দিতে হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া হাসপাতালের চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তারা এমপির বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। এমপি রুশদীর হাসপাতালের প্রতিটি ওয়ার্ড ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যার কথা শোনেন।
এ রহমান
মন্তব্য করুন: