ভিডিও ভাইরাল
সিলেটে ভূমি অফিসে দরজা বন্ধ করে তহশিলদার ও অফিস সহায়কের মারামারি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে দরজা বন্ধ করে উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) দেলোয়ার হোসেন এবং অফিস সহায়ক আয়াত উদ্দিনের মধ্যে হাতাহাতি ও মারামারির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের এই ভূমি অফিসে জনসম্মুখে ঘটা এই নজিরবিহীন ঘটনায় স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আলোচনার সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, তহশিলদারের কক্ষের ভেতর থেকে দরজা লক করে দুজন একে অপরের কলার ধরে কিল-ঘুষি মারছেন, আর বাইরে থাকা সেবাগ্রহীতারা বারবার দরজা খোলার অনুরোধ জানাচ্ছেন। পরে এক যুবক ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং অফিস সহায়ককে ঘর থেকে বের করে দেন। ঘটনার নেপথ্যে অর্থ লেনদেন সংক্রান্ত বিরোধ কিংবা ঘুষের ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে অভিযোগ তুলেছেন স্থানীয়রা, যদিও অফিস সহায়ক আয়াত উদ্দিনের দাবি—হাজিরা খাতা চাওয়াকে কেন্দ্র করে তহশিলদার তাকে গালিগালাজ ও মারধর শুরু করেন। এ বিষয়ে অভিযুক্ত তহশিলদার দেলোয়ার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী জানিয়েছেন, ভিডিওটি তাদের নজরে এসেছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ রহমান
মন্তব্য করুন: