লরিতে খালাস শুরু
সুরমা নদীতে নাব্যতা সংকটে আটকা ৫.৪ লাখ লিটার ডিজেলবাহী জাহাজ
সিলেট নগরীর কাজিরবাজার ব্রিজের নিচে সুরমা নদীর নাব্য সংকটের কারণে ৫ লাখ ৪৪ হাজার ৫৭২ লিটার ডিজেলবাহী একটি বড় জাহাজ আটকা পড়েছে। এর ফলে জ্বালানি তেল সরবরাহে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হলেও বিকল্প উপায়ে জাহাজ থেকে তেল সরিয়ে নেওয়ার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
সূত্রমতে, গত চারদিন আগে ফতুল্লা এলাকার যমুনা অয়েল কোম্পানি লিমিটেড থেকে বিপুল পরিমাণ এই ডিজেল নিয়ে 'এমটি রিভার লিংক' নামক জাহাজটি সিলেটের সরকারি তেলের ডিপোর উদ্দেশ্যে রওনা দেয়; কিন্তু বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে সুরমা নদীর পানি আশঙ্কাজনকভাবে কম থাকায় জাহাজটি কাজিরবাজার ব্রিজের নিচে এসে আটকা পড়ে। জাহাজের মাস্টার মো. রবিউল জানান যে, নদীর নাব্য সংকটের কারণে জাহাজটি আর সামনে এগোতে পারছে না, তাই আপাতত পাইপলাইনের মাধ্যমে সরাসরি জাহাজ থেকে লরিতে তেল স্থানান্তর করা হচ্ছে। সংশ্লিষ্টদের মতে, জাহাজটি থেকে অন্তত ১ লক্ষ লিটার ডিজেল সরিয়ে হালকা করা সম্ভব হলে এটি পুনরায় সচল হয়ে সরাসরি ডিপোতে পৌঁছাতে পারবে।
সিলেট বিভাগীয় ট্যাংক-লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ জানিয়েছেন যে, জ্বালানি সংকট মোকাবিলায় নদীপথে তেল আনার এই উদ্যোগ নেওয়া হলেও নাব্যতার অভাবে জাহাজটি আটকে গেছে এবং এ পর্যন্ত প্রায় ২৫ হাজার লিটার তেল উত্তোলন করে ডিপোতে পাঠানো হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, ঘটনাস্থলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সে লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: