সিলেটে হামের সংক্রমণ বৃদ্ধি: শামসুদ্দিন হাসপাতালে আইসোলেশন কেন্দ্র চালু
সিলেট বিভাগে হঠাৎ করেই হামের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় এবং সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অধীনে থাকা শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে হাম রোগীদের জন্য বিশেষায়িত আইসোলেশন কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে এই আইসোলেশন কেন্দ্রে ১৬ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যাদের বয়স ৬ মাস থেকে ২২ বছরের মধ্যে। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মাহবুবুর রহমান জানান, হাম অত্যন্ত সংক্রামক হওয়ায় রোগীদের সাধারণ রোগীদের থেকে আলাদা রাখা জরুরি, তাই শামসুদ্দিন হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে এই ডেডিকেটেড কেন্দ্রটি চালু করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৬ মার্চ কেন্দ্রটি চালুর পর থেকে এ পর্যন্ত মোট ৩০ জন রোগী ভর্তি হয়েছিলেন, যাদের মধ্যে কয়েকজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
রেজিস্ট্রি খাতা অনুযায়ী, আক্রান্তদের প্রায় অর্ধেকই সুনামগঞ্জ জেলার বাসিন্দা; তবে সিলেট নগরী, মৌলভীবাজার ও হবিগঞ্জ থেকেও রোগী শনাক্তের খবর পাওয়া গেছে।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডা. জন্মেজয় দত্ত জানান যে, একজন আক্রান্ত ব্যক্তি থেকে ১০ থেকে ১২ জন সংক্রমিত হতে পারেন, তাই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তবে বর্তমানে ভর্তি থাকা রোগীদের কেউই আশঙ্কাজনক অবস্থায় নেই এবং আগামী এক মাসের জন্য পর্যাপ্ত টিকা মজুত রয়েছে বলে তিনি আশ্বস্ত করেছেন।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুর রহমান উদ্বেগ প্রকাশ করে জানান, গত মাসে নগরে স্ক্রিনিংয়ের সময় মাত্র একজন রোগী পাওয়া গেলেও ঈদের পর আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। স্বাস্থ্য বিভাগ থেকে সাধারণ মানুষকে সচেতন থাকার এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: