ডিপো থেকে সরবরাহ অব্যাহত,সিলেটে জ্বালানি তেলে সংকট নেই: বিজিবি
সিলেটে জ্বালানি তেল সরবরাহে কোনো সংকট নেই বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ডিপো থেকে নিয়মিত সরবরাহ অব্যাহত থাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে দাবি সংস্থাটির।
আজ সোমবার (৩০ মার্চ) সকালে সিলেটের পদ্মা ওয়েল ডিপোতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম এ কথা বলেন। তিনি জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পেট্রোল পাম্পগুলো ডিপো থেকে জ্বালানি সংগ্রহ করছে।
বিজিবির এই কর্মকর্তা বলেন, অ্যালটমেন্ট চার্টের আওতায় সরবরাহ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ফলে কোনো পাম্পের পক্ষে জ্বালানি তেল অন্যত্র সরিয়ে নেওয়ার সুযোগ নেই।
বিজিবি জানায়, গত ২৫ মার্চ থেকে সিলেটের জ্বালানি তেলের ডিপোগুলোতে তাদের সদস্যরা মোতায়েন রয়েছেন। পদ্মা ও মেঘনা ডিপোতে বিজিবি ১৯ ও ৪৮-এর দুটি প্লাটুন সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।
একই সঙ্গে সীমান্তপথে জ্বালানি তেল পাচার ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
বিজিবির ভাষ্য, সরবরাহ ব্যবস্থা সচল থাকায় জ্বালানি তেল নিয়ে কোনো ধরনের অস্থিরতার কারণ নেই।
ডি আর ডি
মন্তব্য করুন: