জাতীয় সংসদে ইলিয়াস আলীসহ সকল গুমের বিচার চাইলেন তাহসিনা রুশদী লুনা
Led Bottom Ad

জাতীয় সংসদে ইলিয়াস আলীসহ সকল গুমের বিচার চাইলেন তাহসিনা রুশদী লুনা

প্রথম সিলেট প্রতিবেদন

৩১/০৩/২০২৬ ০৮:৪০:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ ১২ বছর ধরে নিখোঁজ থাকা বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান এবং বিগত ১৭ বছরে সংঘটিত সকল গুম-খুনের সুষ্ঠু বিচার দাবি করেছেন তাঁর স্ত্রী ও সিলেট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য তাহসিনা রুশদী লুনা। সোমবার (৩০ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই দাবি জানান। তিনি বলেন, "ফ্যাসিবাদমুক্ত হওয়ার দেড় বছর পেরিয়ে গেলেও আমরা এখনো জানি না আমাদের স্বজনরা কোথায়? তাঁদের পরিণতি কী?"

বক্তব্যে তাহসিনা রুশদী লুনা গুম হওয়া ইলিয়াস আলী, গাড়িচালক আনসার, ছাত্রদল নেতা দিনার ও সুমন পারভেজসহ সকল নিখোঁজ ব্যক্তির অবস্থান শনাক্ত করার জোর দাবি জানান। একইসঙ্গে গুমের শিকার পরিবারগুলোর আর্থিক ও সামাজিক জটিলতা নিরসনে পুনর্বাসন এবং গত ১৭ বছরে গুম-খুনের শিকার ব্যক্তিদের 'জুলাই যোদ্ধা' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার প্রস্তাব করেন তিনি। রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, "মহামান্য রাষ্ট্রপতি তাঁর ভাষণে বিগত ফ্যাসিস্ট সরকারের গুম-খুনের সঠিক চিত্র তুলে ধরেছেন এবং বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুস্পষ্ট পরিকল্পনা ব্যক্ত করেছেন।"

বক্তব্যের শেষাংশে তিনি বিএনপি চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ থেকে গুম-খুন চিরতরে নির্মূল হবে এবং একটি বৈষম্যহীন সমৃদ্ধ দেশ গঠিত হবে। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়ায় তারেক রহমান এবং বিজয়ী করায় বিশ্বনাথ ও ওসমানীনগরের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালের ১৭ এপ্রিল রাজধানীর বনানী থেকে ব্যক্তিগত গাড়িচালকসহ রহস্যজনকভাবে নিখোঁজ হন তৎকালীন বিএনপি নেতা এম ইলিয়াস আলী, যার জন্য বিগত আওয়ামী লীগ সরকারকে দায়ী করে আসছে তাঁর পরিবার ও দল।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad