সিলেটগামী চলন্ত ট্রেনে আগুন: রেল যোগাযোগ বিচ্ছিন্ন
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর 'উপবন এক্সপ্রেস' ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টা ১০ মিনিটের দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমসেরনগর সংলগ্ন পূর্ব কালিপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এর ফলে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে, যার ফলে বিভিন্ন স্টেশনে আটকা পড়ে শত শত যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে জানা গেছে, চলন্ত ট্রেনটির ইঞ্জিন থেকে মবিল নিঃসরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই ইঞ্জিনে দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় ট্রেনের ভেতরে থাকা যাত্রীদের মধ্যে প্রচণ্ড আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা হুড়োহুড়ি করে নিচে নেমে আসেন। তবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে রেললাইন ক্ষতিগ্রস্ত না হলেও ইঞ্জিনটি বিকল হয়ে পড়ায় এই রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। বর্তমানে উদ্ধারকারী ট্রেন দুর্ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে এবং লাইন সচল করতে কাজ শুরু করেছে রেলওয়ে বিভাগ।
এ রহমান
মন্তব্য করুন: