কানাইঘাটে অস্ত্রসহ যুবলীগ কর্মী জাকারিয়া গ্রেফতার
সিলেটের কানাইঘাটে জাকারিয়া আহমদ (৪০) নামের এক যুবলীগ কর্মীকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার বানীগ্রাম ইউনিয়নের গাছবাড়ী সড়কের কুদরতের দোকান এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইঘাট থানার একটি দল তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় রামদা উদ্ধার করা হয়। জাকারিয়া উপজেলার বড়দেশ উত্তর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বীরদল হাওর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এলাকাবাসী দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে আসছিল।
অভিযোগ রয়েছে, গত ১৪ মার্চ জাকারিয়া তার সহযোগীদের নিয়ে বড়দেশ উত্তর নয়াগ্রামের একটি মৎস্য খামার থেকে মাছ লুট করেন এবং খামারের গাছপালা নষ্ট করেন। এ সময় বাধা দিতে গেলে শ্রমিকদের মারধরের ঘটনাও ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়।
এ ছাড়া গত ২৭ মার্চ একই খামার থেকে তিনটি গরু নিয়ে যাওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা করা হয়। এসব অভিযোগের পর থেকেই তাকে গ্রেফতারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
ডি আর ডি
মন্তব্য করুন: