১৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ
Led Bottom Ad

১৫ ঘণ্টা ধরে সিলেটের সঙ্গে রেলযোগাযোগ বন্ধ

প্রথম সিলেট প্রতিবেদন

০২/০৪/২০২৬ ১১:২১:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের কাছে তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ টানা ১১ ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।


বুধবার রাত আনুমানিক ৯টার দিকে সিলেটগামী তেলবাহী ট্রেনটির কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে অন্তত পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে আশপাশের এলাকা, সড়ক ও খালে বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে।


দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু করে রেলওয়ে কর্তৃপক্ষ। তাদের সঙ্গে সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশসহ বিভিন্ন সংস্থা যৌথভাবে কাজ করছে। লাইনচ্যুত বগি সরিয়ে দ্রুত রেললাইন সচল করার চেষ্টা চলছে।


মনতলা স্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান গনি বলেন, রেলের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে কাজ করছে। বিকেলের মধ্যে আংশিকভাবে রেল চলাচল চালুর চেষ্টা চলছে।


নোয়াপাড়া রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. মনির আহমেদ জানান, দুর্ঘটনার কারণে অন্তত তিনটি ট্রেনের সূচি বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকাগামী উপবন এক্সপ্রেস, চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এবং সিলেটগামী পাহাড়িকা এক্সপ্রেস। যাত্রীদের টিকিট সংরক্ষণ করে ভাড়া ফেরত দেওয়া হয়েছে।


হবিগঞ্জ বিজিবি-৫৫ এর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান বলেন, লাইনচ্যুত বগিগুলোর মধ্যে ইতোমধ্যে দুটি বগি ক্রেন দিয়ে সোজা করা হয়েছে। আরও দুটি বগি উদ্ধারের কাজ চলছে। একটি বগি পানিতে পড়ে থাকায় সেটি তুলতে কিছুটা সময় লাগছে।


তিনি আরও জানান, ঘটনাস্থলে বিজিবি মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি উদ্ধার কাজে সহায়তা করছে। পাশাপাশি ছড়িয়ে পড়া তেলের একটি অংশ উদ্ধার করে সংরক্ষণ করা হয়েছে।


সিলেট রেলস্টেশনের ম্যানাজার মো. নুরুল ইসলাম জানিয়েছেন, এখনও ট্রেন চলাচল সচল হয় নি। তবে দ্রুতগতিতে কাজ চলছে। আশা করছি উদ্ধারকাজ শেষ হলে ধীরে ধীরে রেল যোগাযোগ স্বাভাবিক করা সম্ভব হবে।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad