জমি নিয়ে বিরোধের জের
গোয়াইনঘাটে পান ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ইসলামাবাদ গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম নামে এক পান ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে ২ নম্বর পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখাল ইসলামাবাদ গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে।
নিহতের ছেলে সালেহ আহমদের দাবি, প্রতিবেশী কুতুব উদ্দিনের পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে চলা ভূমি বিরোধের জেরে তাঁর বাবা আবুল কালামের ওপর অতর্কিত হামলা চালায় এবং লাঠিসোঁটা দিয়ে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে। স্বজনরা তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসিজি পরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে বিষয়টিকে ‘ব্রট ডেথ’ হিসেবে উল্লেখ করলেও নিহতের পরিবার এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড হিসেবে দাবি করে বিচার প্রার্থনা করেছে।
এ ঘটনার পর থেকে অভিযুক্ত কুতুব উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গোয়াইনঘাট থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন যে, বাদীপক্ষের অভিযোগের পরিপ্রেক্ষিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এলাকায় এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: