ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ওসমানীনগরে অবৈধ লটারি বিক্রির দায়ে ৩ দিনের কারাদণ্ড
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার এলাকায় বারুনী মেলার নামে অবৈধভাবে র্যাফেল ড্র ও লটারির টিকিট বিক্রির অপরাধে লিপন আহমদ নামে এক ব্যক্তিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশার নেতৃত্বে পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন জনবহুল এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠলে প্রশাসন এই কঠোর পদক্ষেপ গ্রহণ করে। অভিযানকালে প্রচারণার কাজে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত টমটম এবং দুটি লটারির টিকিট বই জব্দ করা হয়েছে। সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত লিপন আহমদকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান রিপন নিশ্চিত করেছেন যে তাকে রাতেই কারাগারে পাঠানো হবে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা সংবাদমাধ্যমকে জানান যে, জনস্বার্থে প্রশাসনের এই ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে এবং কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বা প্রতারণার সুযোগ দেওয়া হবে না।
এ রহমান
মন্তব্য করুন: