বেপরোয়া ছিনতাইকারী
সিলেটে শিশুর গলায় ছুরি ধরে লুট ও সাংবাদিককে কুপিয়ে জখম
সিলেটে মাত্র এক দিনের ব্যবধানে পৃথক দুটি দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় নগরজুড়ে চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার (৪ এপ্রিল) নগরীর আম্বরখানা ও তেমুখী পয়েন্টে ঘটে যাওয়া এসব ঘটনায় এক কলেজ শিক্ষকের তিন বছরের শিশুসন্তানের গলায় ছুরি ধরে টাকা লুট এবং এক জ্যেষ্ঠ সাংবাদিককে কুপিয়ে সর্বস্ব ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে।
প্রথম ঘটনায়, বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক অহী আলম রেজা তার শিশুকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পড়েন; অটোরিকশায় যাত্রীবেশে থাকা দুর্বৃত্তরা তার অবুঝ শিশুর গলায় ধারালো ছুরি ধরে ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়।
অন্যদিকে, একই দিন ভোর সোয়া ৫টার দিকে তেমুখী ব্রিজ এলাকায় যাতায়াতের অপেক্ষায় থাকা দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার ও সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক রায়হান উদ্দিনের ওপর তিন দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়; বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন এবং পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মো. মনজুরুল আলম জানিয়েছেন, দুটি ঘটনার বিপরীতেই আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে।
দিনদুপুরে খোদ নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এমন ভয়াবহ ছিনতাইয়ের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে।
এ রহমান
মন্তব্য করুন: