সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
Led Bottom Ad

৪ দিন ধরে ওপারে পড়ে আছে মরদেহ

সিলেট সীমান্তে খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০৪/২০২৬ ১২:২৬:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভারত সীমান্ত অভ্যন্তরে খাসিয়াদের গুলিতে সাদ্দাম হোসেন (৩৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। ঘটনার চার দিন পেরিয়ে গেলেও নিহতের মরদেহ এখনো ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে বলে জানিয়েছে তার পরিবার। নিহত সাদ্দাম উপজেলার উত্তর রণীখাই ইউনিয়নের লামা উত্তমা গ্রামের বীর মুক্তিযোদ্ধা কুটু মিয়ার ছেলে; তিনি এক ছেলে ও এক কন্যাসন্তানের জনক এবং তার স্ত্রী বর্তমানে চার মাসের অন্তঃসত্ত্বা।

নিহতের বড় ভাই নাজিম উদ্দিন জানান, গত ১ এপ্রিল দুপুরে সাদ্দামসহ চারজন ভারতের অভ্যন্তরে রাজনটিলা এলাকায় গেলে খাসিয়ারা তাদের লক্ষ্য করে গুলি চালায়, এতে ঘটনাস্থলেই সাদ্দাম প্রাণ হারান এবং তার সঙ্গীরা মরদেহ সেখানে রেখেই পালিয়ে দেশে ফিরে আসেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্তের ১২৪৭ নম্বর পিলারের প্রায় ৬০০ গজ ভেতরে সুপারি সংগ্রহ করতে গিয়ে এই মর্মান্তিক ঘটনা ঘটে, যাতে সাদ্দাম নিহত হওয়ার পাশাপাশি একই গ্রামের ফরহাদ মিয়া (২০) গুলিবিদ্ধ হয়ে আহত হন। উত্তমা বিজিবি ক্যাম্পের কমান্ডার আবুল কালাম জানিয়েছেন, বিষয়টি নিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর সঙ্গে পতাকা বৈঠক ও আলোচনা হয়েছে এবং নিহতের পরিবারকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেওয়া হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জগৎজ্যোতি দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিজিবি ও বিএসএফ-এর মধ্যে সমন্বয় চলছে এবং মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে আনার আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন রয়েছে।

সাদ্দামের মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম এবং অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন স্বজনরা। বিজিবি ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং মরদেহ হস্তান্তরের বিষয়ে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad