সিলেটসহ সারা দেশে জ্বালানি সাশ্রয়ে নতুন অফিস সূচি
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বিশ্বব্যাপী জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সিলেটসহ সারাদেশে সরকারি ও বেসরকারি অফিসের সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজ রোববার (৫ এপ্রিল) থেকে দেশের সব অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। স্বাভাবিক সময়ে অফিস কার্যক্রম বিকেল ৫টা পর্যন্ত চললেও বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্দেশ্যে কর্মঘণ্টা এক ঘণ্টা কমিয়ে আনা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়েছে, শুক্র ও শনিবার যথারীতি সাপ্তাহিক ছুটি হিসেবে বহাল থাকবে; তবে জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও গণমাধ্যম এই পরিবর্তিত সময়সূচির আওতামুক্ত থাকবে। ব্যাংকিং খাতের সময়সূচিতেও বড় পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক; আজ রোববার থেকে সিলেটসহ দেশের সব ব্যাংকে গ্রাহক লেনদেন চলবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত এবং কর্মকর্তাদের দাপ্তরিক কাজ সম্পন্নের জন্য বিকেল ৫টা পর্যন্ত অফিসে অবস্থান করতে হবে। এছাড়া বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব বিপণিবিতান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষা খাতেও বিদ্যুৎ সাশ্রয়ে বিশেষ পরিকল্পনা গ্রহণ করছে মন্ত্রণালয়, যেখানে সপ্তাহে তিন দিন অনলাইন ও তিন দিন সরাসরি ক্লাসের প্রস্তাব বিবেচনাধীন রয়েছে; তবে প্রান্তিক শিক্ষার্থীদের সীমাবদ্ধতার কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থার কথা ভাবছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। রমজান ও ঈদের দীর্ঘ ছুটির পর জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের এই সাশ্রয়ী নীতি দেশের অর্থনীতি ও জনসেবার ওপর চাপ কমাতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আদালতের সময়সূচি নির্ধারণের বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন এবং কলকারখানার কর্মঘণ্টা প্রচলিত শ্রম আইন অনুযায়ী নির্ধারিত হবে।
এ রহমান
মন্তব্য করুন: