সিলেটে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার মানববন্ধন
সুনামগঞ্জে ২ হাজার হেক্টর ফসল পানির নিচে
সুনামগঞ্জের অর্ধশত হাওরে টানা বৃষ্টিতে অন্তত দুই হাজার হেক্টর জমির বোরো ফসল তলিয়ে যাওয়ার প্রতিবাদে এবং জলাবদ্ধতা নিরসনের দাবিতে সিলেটে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) বিকেলে নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ‘পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা’র উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণ ও পানি নিষ্কাশনের অব্যবস্থাপনার কারণে তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, শনির হাওর, মাটিয়ান হাওর, দেখার হাওর, শল্লার ছায়ার হাওর এবং দিরাইয়ের বরাম ও চাপতির হাওরসহ জেলার গুরুত্বপূর্ণ হাওরগুলোর নিচু জমি এখন পানির নিচে।
বাপা সিলেটের সভাপতি জামিল আহমেদ চৌধুরী বলেন, ঋণ করে চাষাবাদ করা কৃষকরা এখন দিশেহারা, কারণ ফসলের পাশাপাশি গবাদিপশুর খাদ্যসংকটও তীব্র হচ্ছে।
জ্যেষ্ঠ আইনজীবী এমাদুল্লাহ শহীদুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রতিবছর তথাকথিত অস্থায়ী বাঁধের নামে কোটি কোটি টাকা খরচ হলেও তা অনেক ক্ষেত্রে কৃষকের জন্য ‘মরণ ফাঁদে’ পরিণত হয়েছে, যার স্থায়ী বিকল্প ভাবা জরুরি। জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সিদ্দিকী কৃষকদের দীর্ঘদিনের দাবি অনুযায়ী গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে স্লুইস গেট স্থাপন ও খাল পুনঃখননের ওপর জোর দেন।মানববন্ধন থেকে আয়োজকরা জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা প্রদান, নদী খনন এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে দীর্ঘমেয়াদী টেকসই হাওর ব্যবস্থাপনা পরিকল্পনা গ্রহণের দাবি জানান; অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়। কর্মসূচিতে সিলেটের বিশিষ্ট নাগরিক, পরিবেশবাদী ও হাওর অঞ্চলের ভুক্তভোগী কৃষকরা সংহতি প্রকাশ করে অংশ নেন।
এ রহমান
মন্তব্য করুন: