‘দামান’ প্রধানমন্ত্রী সিলেট আসছেন ৩০ এপ্রিল,উৎসবের আমেজে প্রস্তুত নগর
Led Bottom Ad

‘দামান’ প্রধানমন্ত্রী সিলেট আসছেন ৩০ এপ্রিল,উৎসবের আমেজে প্রস্তুত নগর

প্রথম সিলেট প্রতিবেদন

০৫/০৪/২০২৬ ১৩:২১:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে আবারও আসছেন দেশের প্রধানমন্ত্রী—তবে এবার ভিন্ন এক আবেগ, ভিন্ন এক প্রেক্ষাপটে। সিলেটের ‘দামান’ হিসেবে পরিচিত প্রধানমন্ত্রী নির্বাচনে নিরংকুশ বিজয়ের পর প্রথমবারের মতো সফরে আসছেন এই জনপদে। তাঁর আগমনকে ঘিরে ইতোমধ্যে পুরো সিলেটে বইছে উৎসবের আমেজ।


আগামী ৩০ এপ্রিল সিলেট জেলা স্টেডিয়ামে দেশব্যাপী আয়োজিত খেলাধুলাভিত্তিক প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। শিশু-কিশোরদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে ফুটবল, ক্রিকেট, হকিসহ মোট সাতটি ইভেন্টে এই প্রতিযোগিতার আয়োজন করেছে সরকার।


সংশ্লিষ্টরা জানান, একই দিনে সারাদেশে এই প্রতিযোগিতা উদ্বোধন হলেও আনুষ্ঠানিক সূচনার জন্য সিলেটকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। আর এটিকে ঘিরেই বাড়তি আবেগ কাজ করছে স্থানীয়দের মধ্যে।


এর আগে, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছিলেন তিনি। সেই যাত্রা শেষ হয়েছে নিরংকুশ বিজয়ে, আর এবার বিজয়ীর বেশে আবারও ফিরছেন প্রিয় এই শহরে—যা সিলেটবাসীর জন্য এক বিশেষ গর্বের মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।


প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রশাসনিক প্রস্তুতিও চলছে জোরেশোরে। গত ৩১ মার্চ জেলা প্রশাসকের কার্যালয়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রস্তুতি সভা।


প্রস্তুতির অংশ হিসেবে ১ এপ্রিল সিলেট সফর করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন করে কিছু অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেন এবং দ্রুত সংস্কার কাজ সম্পন্নের নির্দেশ দেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আগামী ১৫-২০ এপ্রিলের মধ্যে এসব কাজ শেষ হবে।


এদিকে, প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও দেখা দিয়েছে ব্যাপক তৎপরতা। সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী জানিয়েছেন, কেন্দ্র থেকে নির্দেশনা না এলেও স্থানীয়ভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে তাঁকে বরণ করে নিতে।


সবমিলিয়ে, ‘দামান’ প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে সিলেট এখন যেন এক অপেক্ষার প্রহর গুনছে। দীর্ঘ প্রতীক্ষার পর প্রিয় এই মুখকে আবারও কাছে পাওয়ার আনন্দে উচ্ছ্বসিত পুরো নগরী।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad