নিখোঁজের ৬ দিন পর জকিগঞ্জের স্কুলছাত্র জায়ান আরাফাতকে উদ্ধার
সিলেটের জকিগঞ্জে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়া ষষ্ঠ শ্রেণির ছাত্র জায়ান আরাফাতকে অবশেষে ৬ দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রোববার (৫ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর কদমতলী এলাকা থেকে তাকে খুঁজে পান তার পিতা জসিম উদ্দিন।
জায়ানের নিকটাত্মীয় মুহিত আহমদ বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘ উৎকণ্ঠার পর জায়ানকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়া পরিবার ও স্বজনদের জন্য এক বিশাল স্বস্তির খবর হয়ে এসেছে।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হওয়ার পর বৃহস্পতিবার একটি খাল থেকে জায়ানের স্কুল ব্যাগ ও ড্রেস উদ্ধার হলে এলাকায় চাঞ্চল্য ও রহস্যের সৃষ্টি হয়। একটি সূত্রে জানা গেছে, জায়ান মানসিকভাবে কিছুটা অসুস্থ থাকায় সে নিজেই পথ হারিয়ে হেঁটে হেঁটে সিলেট পর্যন্ত পৌঁছে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এই কঠিন সময়ে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এবং তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) অরূপ সাগর গুপ্ত কমলের নিরলস পরিশ্রম ও আন্তরিকতার জন্য পরিবারের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। এছাড়া নিখোঁজ থাকাকালীন যারা বিভিন্নভাবে তথ্য ও সহযোগিতা প্রদান করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জানিয়েছেন জায়ানের স্বজনরা। জায়ান আরাফাতের নিরাপদে ফিরে আসার সংবাদে জকিগঞ্জে কয়েকদিনের উদ্বেগ-উৎকণ্ঠার অবসান ঘটে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা এই সফল উদ্ধারে সন্তোষ প্রকাশ করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: