সিলেটের ফুটপাত এখন ঝুঁকির ফাঁদ
সিলেট মহানগর-এর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার ফুটপাতের রঙিন টাইলস, যা সৌন্দর্যবর্ধনের জন্য বসানো হয়েছিল, এখন নগরবাসীর জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পটি সঠিক তদারকি ও সমন্বয়ের অভাবে দুর্ঘটনার ঝুঁকি তৈরি করছে বলে অভিযোগ উঠেছে।
নগরের জিন্দাবাজার, বারুতখান, মিরাবাজার, চৌহাট্টা ও উপশহরসহ গুরুত্বপূর্ণ এলাকায় বসানো এই রঙিন টাইলস শুরুতে পথচারীদের কাছে আকর্ষণীয় মনে হলেও, কয়েক বছরের মধ্যেই প্রকল্পটির ত্রুটি প্রকাশ পায়। সম্প্রতি ড্রেন পরিষ্কারের জন্য বিভিন্ন স্থানে টাইলস ভাঙতে হয়। এতে ফুটপাতজুড়ে খানাখন্দ তৈরি হয়েছে এবং পথচারীরা প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনার শিকার হচ্ছেন।
নগরবাসী অভিযোগ করেছেন, প্রকল্পটি অপরিকল্পিতভাবে বাস্তবায়ন করা হয়েছে এবং সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা উচিত।
এ বিষয়ে সিলেট সিটি করপোরেশন-এর প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর বলেন, “টাইলস বসানোর সময় ঠিকাদাররা পরিকল্পনা অনুযায়ী কাজ করেননি। ড্রেন পরিষ্কারের জন্য টাইলস ভাঙতে হয়েছে। তবে দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হচ্ছে।”
বিশেষজ্ঞরা বলছেন, সিটি করপোরেশনের যথাযথ তদারকির অভাবে এ ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে। যথাযথ পরিকল্পনা ও সমন্বয় ছাড়া কোনো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করলে রাষ্ট্রীয় সম্পদের অপচয় অনিবার্য।
নগরবাসী মনে করছেন, ‘দ্বিতীয় লন্ডন’ খ্যাত সিলেট মহানগরের মর্যাদা বজায় রাখতে হলে পরিকল্পিত উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য।
ডি আর ডি
মন্তব্য করুন: