জ্বালানি সংকটে ফেঞ্চুগঞ্জ শাহজালাল সার কারখানার উৎপাদন বন্ধ
বৈশ্বিক অস্থিরতা ও অভ্যন্তরীণ জ্বালানি সংকটের অজুহাতে সিলেটের ফেঞ্চুগঞ্জে অবস্থিত দেশের অন্যতম বৃহৎ সার উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড’-এর উৎপাদন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে সরকার। প্রতিষ্ঠানটির উপ-মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. রেজাউল করিম নিশ্চিত করেছেন যে, সরকারি সিদ্ধান্ত মোতাবেক গত ৩ এপ্রিল শুক্রবার থেকে কারখানায় উৎপাদন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, গত ২৮ মার্চ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় আগামী তিন মাস (এপ্রিল-জুন) রেশনিং পদ্ধতিতে সার উৎপাদন অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়। ওই সভার সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে মধ্যপ্রাচ্যের ইরান-ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহে যে অনিশ্চয়তা ও চাপের সৃষ্টি হয়েছে, তা মোকাবিলা করতেই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। রেশনিং পরিকল্পনার অংশ হিসেবে এপ্রিল মাসে ফেঞ্চুগঞ্জের এই সার কারখানাটি এক মাসের জন্য বন্ধ রাখার পাশাপাশি ঘোড়াশালের পলাশ ফার্টিলাইজার পিএলসিতে গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখার নির্দেশ দেওয়া হয়েছে; এই তালিকার অপর প্রতিষ্ঠান হিসেবে রয়েছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড।
যদিও সংশ্লিষ্ট কর্মকর্তারা বিস্তারিত তথ্য প্রদানে অনীহা প্রকাশ করেছেন, তবে আকস্মিক এই বন্ধের ফলে স্থানীয় পর্যায়ে সারের মজুত ও সরবরাহ ব্যবস্থায় কোনো নেতিবাচক প্রভাব পড়বে কি না, তা নিয়ে কৃষিজীবী ও সংশ্লিষ্ট মহলে গভীর উদ্বেগ দেখা দিয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক পরিস্থিতির ওপর ভিত্তি করে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতেই এই রেশনিং ব্যবস্থা কার্যকর করা হয়েছে। বর্তমানে কারখানার কারিগরি রক্ষণাবেক্ষণ চললেও পুনরায় উৎপাদন শুরুর বিষয়ে নির্দিষ্ট কোনো তারিখ এখনো জানানো হয়নি।
এ রহমান
মন্তব্য করুন: