সিলেটে পোষা প্রাণীর চিকিৎসাসেবায় চালু হলো বিশেষায়িত ক্লিনিক ‘প হেলথ কেয়ার’
সিলেট নগরীতে পোষা প্রাণীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে যাত্রা শুরু করেছে বিশেষায়িত ক্লিনিক ‘প হেলথ কেয়ার’। গতকাল সোমবার সিলেট নগরীর মানিকপীর রোড এলাকায় এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে ক্লিনিকটির উদ্বোধন করা হয়। প্রাণীপ্রেমী ও সাইকোলজিস্ট জাহানারা ইসলাম তিথির এই অনন্য উদ্যোগে এখন থেকে সিলেটে দেশি-বিদেশি কুকুর, বিড়ালসহ সব ধরনের পোষা প্রাণীর সার্জারি, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় সব ভ্যাকসিনের সুবিধা পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্টজনরা জানান, সিলেটে সরকারি পর্যায়ে পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ব্যক্তিগত শখের এসব প্রাণী অসুস্থ হলে মালিকদের চরম ভোগান্তিতে পড়তে হতো, যা নিরসনে এই ক্লিনিকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে আসা প্রাণীপ্রেমী রুকসানা আক্তার তার অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, সঠিক চিকিৎসার অভাবে অনেক বিড়াল মারা যাওয়ার শোচনীয় স্মৃতি রয়েছে, তাই এমন একটি বিশেষায়িত ক্লিনিক সিলেটবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। ‘প হেলথ কেয়ার’-এ বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করবেন ডা. শফিকুল ইসলাম এবং নির্ধারিত নম্বরে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এখানে সেবা গ্রহণ করা যাবে।
ক্লিনিকটি উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইম্যুনোলজি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মাহবুব-ই-এলাহী। এ সময় আরও উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মঈন উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, ‘ধরা’ সিলেটের সদস্যসচিব আবদুল করিম কিম এবং সাংস্কৃতিক কর্মী অরূপ শ্যাম বাপ্পীসহ আরও অনেকে।
সংশ্লিষ্টরা আশা করছেন, এই ক্লিনিকটি চালুর ফলে সিলেটে পোষা প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন দিগন্তের উন্মোচন হবে এবং প্রাণীদের অকাল মৃত্যু রোধ করা সম্ভব হবে। বর্তমানে ক্লিনিকে আধুনিক যন্ত্রপাতির মাধ্যমে চিকিৎসা প্রদানের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: