পরিবার নিয়ে প্রতিবেশীর বাড়িতে আশ্রয়
বিশ্বনাথে ঝড়ে ঘর হারিয়ে নিঃস্ব দুই সহোদর
সিলেটের বিশ্বনাথ উপজেলায় সাম্প্রতিক প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টির তাণ্ডবে মাথা গোঁজার ঠাঁই হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন দুই দিনমজুর সহোদর। উপজেলার লামাকাজী ইউনিয়নের রাজাপুর গ্রামে শফিক মিয়া ও শানুর মিয়ার বসতঘরটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শিলাবৃষ্টির আঘাতে টিনের চাল ঝাঁঝরা হয়ে যাওয়া এবং ঝোড়ো বাতাসে ঘরের অধিকাংশ চালা উড়ে যাওয়ায় স্ত্রী-সন্তান নিয়ে তারা এখন খোলা আকাশের নিচে দাঁড়িয়েছেন।
সরেজমিনে দেখা যায়, দুই ভাইয়ের বসতঘরের মাটির বেড়া ও টিনের দেয়াল দুমড়ে-মুচড়ে গেছে। ঘরের ভেতরে বৃষ্টির পানি জমে মেঝেতে বড় বড় গর্ত ও কাদার সৃষ্টি হয়েছে, যার ফলে বসবাসের ন্যূনতম পরিবেশও অবশিষ্ট নেই। ঘটনার সময় দুই ভাই জীবিকার তাগিদে ঘরের বাইরে থাকলেও বাড়িতে থাকা তাদের পরিবার পরিজন কোনোমতে জীবন রক্ষা করেন। বর্তমানে আসবাবপত্র ও কাপড়চোপড় সব ভিজে নষ্ট হয়ে যাওয়ায় তারা প্রতিবেশীর বাড়িতে আশ্রয় নিয়েছেন।
শফিক মিয়ার স্ত্রী ছায়ারুন বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, সহায়-সম্বল হারিয়ে তারা এখন দিশেহারা; দ্রুত সাহায্য না পেলে শিশুদের নিয়ে কোথায় যাবেন তা ভেবে পাচ্ছেন না। প্রতিবেশী ও স্থানীয়দের মতে, দিনমজুরির সামান্য আয়ে এই দুই পরিবারের পক্ষে পুনরায় ঘর তৈরি করা একেবারেই অসম্ভব।
লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া জানান, বিষয়টি জানার পর পরিষদের পক্ষ থেকে ইতিমধ্যে কিছু নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে বলেন, পরিবার দুটিকে দ্রুত সরকারি পুনর্বাসন সহায়তা ও শুকনো খাবার সরবরাহ করা হবে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্থায়ী মাথা গোঁজার ঠাঁই পেতে সরকারের সংশ্লিষ্ট মহলের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ রহমান
মন্তব্য করুন: