সংসদে সিলেট-৫ আসনের এমপির প্রস্তাব
জকিগঞ্জ ও কানাইঘাটকে প্রথম ও দ্বিতীয় মুক্তাঞ্চল ঘোষণার দাবি
জাতীয় সংসদে সিলেট-৫ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান তাঁর নির্বাচনী এলাকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে জকিগঞ্জ ও কানাইঘাটকে যথাক্রমে দেশের প্রথম ও দ্বিতীয় 'মুক্তাঞ্চল' হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতির জোর দাবি জানিয়েছেন।
সোমবার (৭ এপ্রিল) সংসদে প্রদত্ত এক আবেগঘন বক্তব্যে তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর জকিগঞ্জ এবং পরদিন ২২ নভেম্বর কানাইঘাট পাক হানাদারমুক্ত হয়েছিল। এই গৌরবোজ্জ্বল ইতিহাসকে রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণের পাশাপাশি তিনি কানাইঘাট ও জকিগঞ্জের বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সমস্যার চিত্র তুলে ধরেন। এমপি তাঁর বক্তব্যে বিশেষ করে সুরমা ও কুশিয়ারা নদীর ভয়াবহ ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এছাড়া জকিগঞ্জের শেওলা সড়ক এবং কানাইঘাটের বোরহানউদ্দিন সড়কের আধুনিকীকরণসহ যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের ওপর তিনি গুরুত্বারোপ করেন। স্বাস্থ্য খাতের নাজুক অবস্থার কথা উল্লেখ করে তিনি দুই উপজেলার সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সের তীব্র সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেন। মুফতি আবুল হাসানের বক্তব্যের যৌক্তিকতা বিবেচনায় স্পিকার তাকে অতিরিক্ত সময় প্রদান করেন এবং উপস্থিত মন্ত্রীরা তাঁর উত্থাপিত উন্নয়নমূলক প্রস্তাবগুলো খতিয়ে দেখার আশ্বাস দেন।
সংসদ সদস্য মনে করেন, জকিগঞ্জ ও কানাইঘাটের মুক্তিযুদ্ধের ইতিহাসকে যথাযথ স্বীকৃতি দিলে তা ভবিষ্যৎ প্রজন্মের কাছে সত্য ইতিহাস পৌঁছে দিতে সহায়ক হবে। বর্তমানে তাঁর এই জোরালো দাবি নির্বাচনী এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।
এলাকার সচেতন মহল মনে করছেন, সংসদ সদস্যের এই প্রস্তাব বাস্তবায়িত হলে এই অবহেলিত জনপদের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত এই ঐতিহাসিক ও উন্নয়নমূলক দাবিগুলো পূরণে পদক্ষেপ নেবে—এমনটাই প্রত্যাশা সিলেট-৫ আসনের সর্বস্তরের মানুষের। বর্তমানে সংসদে দেওয়া এই বক্তব্যের কপি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক প্রশংসিত হচ্ছে।
এ রহমান
মন্তব্য করুন: