মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘সিলেটে নজরুলের সফরের শতবর্ষপূর্তি জাঁকজমকপূর্ণভাবে পালিত হবে’
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সিলেট সফরের শতবর্ষপূর্তি অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালন করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে সিলেট শহরের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের (কেমুসাস) সভাকক্ষে আয়োজিত সংগঠনের কার্যকরী পরিষদের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মন্ত্রী এই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণকে স্মরণীয় করে রাখতে দেশ-বিদেশের নজরুল প্রেমী ও গবেষকদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার আহ্বান জানান।
তিনি বলেন, বাংলা ভাষা ও সাহিত্যের বিকাশে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ দীর্ঘকাল ধরে অনন্য অবদান রেখে চলেছে। এই প্রতিষ্ঠানের কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। বিশেষ করে সাহিত্য সংসদের বর্তমান বাণিজ্যিক ভবনকে একটি আধুনিক বহুতল ভবনে রূপান্তর করার যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তা খুব দ্রুত বাস্তবায়িত হবে বলে তিনি সভায় আশ্বস্ত করেন।
সংগঠনের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক সেলিম আউয়াল। মতবিনিময় সভায় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জাসাস সিলেট জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার এবং সদস্য সচিব রায়হান হোসেন খান। বক্তারা সাহিত্য চর্চার মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও সুস্থ সংস্কৃতি বিকাশে সংগঠনের ঐতিহ্যবাহী ভূমিকার প্রশংসা করেন। নজরুলের সিলেট সফর কেন্দ্রিক এই আয়োজনটি আগামী দিনে সাহিত্য ও সংস্কৃতির ইতিহাসে এক নতুন মাত্রা যোগ করবে বলে সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে মন্ত্রী সংসদের লাইব্রেরি ও গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন। বর্তমানে এই শতবর্ষপূর্তি অনুষ্ঠানটি সফল করতে একটি শক্তিশালী উদযাপন কমিটি গঠনের প্রস্তুতি চলছে।
এ রহমান
মন্তব্য করুন: