তামাবিল হাইওয়ে থানা পরিদর্শনে ডিআইজি ইমতিয়াজ আহমেদ
সিলেটের তামাবিল হাইওয়ে থানায় মহাসড়কের নিরাপত্তা ও পুলিশ সদস্যদের দাপ্তরিক শৃঙ্খলা জোরদারে বিশেষ কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেল তিনটায় থানা ভবনের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) ইমতিয়াজ আহমেদ।
সভা শুরুর আগে তিনি তামাবিল হাইওয়ে থানার সার্বিক কার্যক্রম, নথিপত্র এবং পুলিশ সদস্যদের কর্মতৎপরতা নিবিড়ভাবে পরিদর্শন করেন। এর আগে ডিআইজি ইমতিয়াজ আহমেদ থানায় পৌঁছালে হাইওয়ে পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার মো. রেজাউল করিম এবং তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্চয় চক্রবর্তী তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে ‘গার্ড অব অনার’ প্রদান করে সম্মান প্রদর্শন করে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিআইজি ইমতিয়াজ আহমেদ বলেন, মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করাই হাইওয়ে পুলিশের প্রধান লক্ষ্য।
তিনি আরও উল্লেখ করেন, আধুনিক ও কার্যকর উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে যাত্রীদের জন্য নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ সময় তিনি পুলিশ সদস্যদের পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের পাশাপাশি জনসেবার মান আরও উন্নত করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। সভায় হাইওয়ে পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মহাসড়ক ব্যবস্থাপনা এবং পুলিশ সদস্যদের সামগ্রিক কল্যাণ নিশ্চিত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ডিআইজি ইমতিয়াজ আহমেদ।
এ রহমান
মন্তব্য করুন: