সিলেটে সাত দিনব্যাপী এসএমই পণ্য মেলা শুরু ১১ এপ্রিল
সিলেটে সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হচ্ছে ১১ এপ্রিল। চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্স মাঠে এ মেলার আয়োজন করছে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমই ফাউন্ডেশন), সহযোগিতায় জেলা প্রশাসন।
আজ বুধবার (৮ এপ্রিল) জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত প্রস্তুতিমূলক সভা ও সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।
আয়োজকেরা জানান, মেলার লক্ষ্য স্থানীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণ, প্রচার এবং বিক্রয় বৃদ্ধি। মেলায় হস্তশিল্প, চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত খাদ্যসহ বিভিন্ন ধরনের দেশীয় পণ্য প্রদর্শন ও বিক্রি করা হবে। আমদানিকৃত কোনো পণ্য প্রদর্শনের অনুমতি থাকবে না।
মেলায় অংশগ্রহণকারী কৃষকদের পণ্য বিক্রি না হলে ন্যায্য মূল্য পরিশোধের ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানানো হয়। দর্শনার্থীদের জন্য পর্যাপ্ত সংখ্যক স্টল স্থাপন করা হবে।
নিরাপত্তা নিশ্চিত করতে মেলা প্রাঙ্গণে পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি থাকবে। বসানো হবে সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, অগ্নিনির্বাপক ব্যবস্থা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত জেলা প্রশাসক সাঈদা পারভীন সভাপতিত্ব করেন। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন ও সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খোশনূর রোবাইয়াৎ উপস্থিত ছিলেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: