অনিয়মের অভিযোগ
সিলেটে দুই প্রাইভেট হাসপাতালকে লাখ টাকা জরিমানা
সিলেট শহরের দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নগরের লামাবাজার এলাকার আয়েশা মেডিকেয়ারকে ৮০ হাজার টাকা এবং মিরের ময়দান এলাকার শাহজালাল মেডিকেলকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আয়েশা মেডিকেয়ার হাসপাতালটি ২০১৯ সালের পর থেকে আর লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া তাদের অপারেশন থিয়েটারে মেয়াদোত্তীর্ণ চিকিৎসা সামগ্রী ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে। অন্যদিকে, শাহজালাল মেডিকেলকে জরিমানা করার কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, সেখানে পেশাদার নার্সের পরিবর্তে শিক্ষার্থীদের দিয়ে নার্সিং সেবা প্রদান করা হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। পাশাপাশি হাসপাতালটিতে অস্ত্রোপচারের আগে রোগীকে অ্যানেসথেসিয়া দেওয়ার ক্ষেত্রেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছিল না। জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এবং চিকিৎসা সেবায় স্বচ্ছতা ফিরিয়ে আনতে এমন নানা অনিয়মের দায়ে এই দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হোসাইন সজিব আরও জানান, সাধারণ মানুষের দোরগোড়ায় মানসম্মত ও নিরাপদ চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের তদারকি ও বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। অভিযানের খবর ছড়িয়ে পড়লে নগরের অন্যান্য বেসরকারি ক্লিনিক ও হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে সতর্কতা বিরাজ করতে দেখা গেছে।
এ রহমান
মন্তব্য করুন: