গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনে হুমকির মুখে ঘরবাড়ি ও কৃষিজমি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের একটি ছড়া থেকে প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় বড়গুল গ্রামের শামীম আহমদসহ একটি চক্র দীর্ঘদিন ধরে গুলনি থেকে কাপনা নদী পর্যন্ত প্রবাহিত এই ছড়া থেকে বালু লুটপাট চালিয়ে আসলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী। বালু উত্তোলনের ফলে ছড়ার তীরবর্তী বসতবাড়ি ও আবাদি জমি ভাঙনের মুখে পড়েছে এবং বালুবোঝাই ট্রাক চলাচলের কারণে গ্রামীণ পাকা রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।
ভুক্তভোগীদের দাবি, ক্ষমতার পরিবর্তন হলেও বালু লুটেরাদের দাপট কমেনি; বরং তারা বলপ্রয়োগ করে বাগানের ভেতর দিয়ে বালু পরিবহনের রাস্তা তৈরি করেছে। সম্প্রতি সালেহা বেগম ও জিয়াউর রহমানসহ বেশ কয়েকজন স্থানীয় বাসিন্দা বালু উত্তোলন বন্ধে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের কাছে লিখিত আবেদন করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, শামিম আহমেদ, মুক্তার আহমদ ও নাজিম উদ্দিনসহ কয়েকজন প্রকাশ্যে বালু তুলে কৃষিজমিতে মজুত করছেন, যা কৃষি পরিবেশের জন্য মারাত্মক হুমকি।
অভিযুক্ত শামীম আহমেদ অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ঈদগাহের উন্নয়নের জন্য বালু সংগ্রহ করা হচ্ছে।
তবে ফতেহপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দিন জানিয়েছেন, বালু পরিবহনের কারণে এলজিইডির প্রায় ৮০ লাখ টাকার রাস্তা নষ্ট হচ্ছে। গুটিকয়েক লোকের এই বেপরোয়া কর্মকাণ্ড বন্ধে এবং সরকারি সম্পদ ও প্রকৃতি রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় ভুক্তভোগীরা।
এ রহমান
মন্তব্য করুন: