‘আদর্শ গ্রাম’ এখন মাদকের স্বর্গরাজ্য
ওসমানীনগরে মাদক নির্মূলে রাত জেগে পাহারা দিচ্ছে গ্রামবাসী
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গ্রামতলা গ্রামে মাদকের বিস্তার ও অসামাজিক কার্যকলাপ ভয়াবহ আকার ধারণ করেছে। এক সময়ের ‘আদর্শ গ্রাম’ হিসেবে পরিচিত এই জনপদকে মাদকের অভিশাপ থেকে মুক্ত করতে এবার সরাসরি মাঠে নেমেছেন স্থানীয় বাসিন্দারা। যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় গ্রামবাসী এখন রাত জেগে পাহারা দিচ্ছেন। মাদক নির্মূল ও আইনি সহায়তার দাবিতে গতকাল বৃহস্পতিবার গ্রামবাসীর পক্ষে ওসমানীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, গোয়ালাবাজার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গ্রামতলা গ্রামটি শান্তি ও শৃঙ্খলার জন্য পরিচিত থাকলেও সম্প্রতি কিছু উচ্ছৃঙ্খল যুবক ও অজ্ঞাতনামা মাদক কারবারিদের অপতৎপরতায় গ্রামের পরিবেশ বিষিয়ে উঠেছে। গ্রামের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন, ঘনঘন চুরি এবং নানা অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে মাদকসেবীদের আনাগোনা ভয়াবহ রূপ ধারণ করে।
মাদকের এই বিষাক্ত ছোবল থেকে গ্রামকে মুক্ত করতে সম্প্রতি চারটি পাড়ার বাসিন্দারা সম্মিলিত বৈঠকে মিলিত হন। বৈঠকে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, যেকোনো মূল্যে গ্রাম থেকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড নির্মূল করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, "আমরা আমাদের সন্তানদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিতে পারি না। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমরা এখন পুরোপুরি ঐক্যবদ্ধ।"
এদিকে গ্রামবাসীর এই সামাজিক প্রতিরোধের মুখে ক্ষিপ্ত হয়ে উঠেছে মাদক ব্যবসায় জড়িত চক্রটি। অভিযোগ রয়েছে, মাদক কারবারিরা এখন সাধারণ মানুষকে বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। তবে কোনো রক্তচক্ষু বা হুমকি তোয়াক্কা না করে গ্রামবাসী তাদের সিদ্ধান্তে অটল রয়েছেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূইয়া অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে বলেন, "এলাকাবাসীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান নিয়মিত চলছে এবং এই চক্রটিকে দমনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এ রহমান
মন্তব্য করুন: