সিলেটে ব্যতিক্রমী ‘কৃষকের হাট’ উদ্বোধন করলেন বানিজ্যমন্ত্রী
Led Bottom Ad

সিন্ডিকেট মুক্ত বাজারে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

সিলেটে ব্যতিক্রমী ‘কৃষকের হাট’ উদ্বোধন করলেন বানিজ্যমন্ত্রী

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৪/২০২৬ ১২:৫২:৫৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কৃষি পণ্যের বাজারে সিন্ডিকেট ও মধ্যস্বত্বভোগীদের দাপট কমিয়ে সাধারণ মানুষের নাগালে পণ্যের দাম রাখতে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘কৃষকের হাট’। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টায় নগরীর টিলাগড় এলাকায় এই ব্যতিক্রমী হাটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত এই বাজারে প্রান্তিক কৃষকরা কোনো ধরনের মধ্যস্থতাকারী বা দালালের সহায়তা ছাড়াই তাদের উৎপাদিত পণ্য সরাসরি সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করতে পারবেন। এর ফলে কৃষকরা যেমন তাঁদের পণ্যের ন্যায্যমূল্য পাবেন, তেমনি সাধারণ ক্রেতারাও সাশ্রয়ী মূল্যে টাটকা সবজি ও কৃষি পণ্য কেনার সুযোগ পাবেন। মূলত মাঠপর্যায়ের কৃষক এবং শহরের সাধারণ ভোক্তার মধ্যে একটি সরাসরি সেতুবন্ধন তৈরি করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, “বাজার সিন্ডিকেট ভেঙে সাধারণ মানুষের স্বস্তি ফেরাতে এই কৃষকের হাট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রান্তিক কৃষকদের ক্ষমতায়ন এবং বাজার নিয়ন্ত্রণে এমন উদ্যোগ পর্যায়ক্রমে পুরো সিলেটে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি। এছাড়া সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর থেকেই স্থানীয় ক্রেতাদের মাঝে এই হাটকে ঘিরে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ক্রেতারা মনে করছেন, এমন উদ্যোগ নিয়মিত চালু থাকলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কমে আসবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad