গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ
Led Bottom Ad

রাজপথে নামার হুঁশিয়ারি

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৪/২০২৬ ২৩:২৮:৫৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে বিশাল বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য সিলেট মহানগর। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরীর কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত এই সমাবেশে বক্তারা বিএনপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় উপেক্ষা করে একদলীয় শাসন ব্যবস্থার পথে হাঁটলে জনগণ রাজপথে তাদের সোজা করে দেবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “সংসদে আমরা দায়িত্বশীল ও সৃজনশীল ভূমিকা রাখব, কিন্তু দেশ ও জনগণের স্বার্থবিরোধী কোনো কাজ হলে রাজপথে প্রতিরোধ গড়ে তোলা হবে। আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, সেই ইতিহাস থেকে শিক্ষা নিন। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দম্ভ করবেন না; শেখ হাসিনাও এর চেয়ে বেশি পেয়েছিলেন, কিন্তু গণ-আন্দোলনের মুখে তাকে পালাতে হয়েছে।” তিনি অবিলম্বে গণভোটে পাস হওয়া মৌলিক সংস্কারগুলো কার্যকর করার দাবি জানান।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর ক্ষমতায় এসে বিএনপি সরকার গণভোট অধ্যাদেশ-২০২৫, দুর্নীতি দমন কমিশন ও বিচার বিভাগ সংস্কারসহ বেশ কয়েকটি জনগুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল করে দেশকে পুনরায় ফ্যাসিবাদের দিকে নিয়ে যাচ্ছে। এটি জুলাই গণঅভ্যুত্থানের শহীদান ও জনগণের সঙ্গে স্পষ্ট প্রতারণা। বক্তারা একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের মাধ্যমে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিশ্চিত করার ওপর জোর দেন।

সিলেট মহানগর জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা এমরান আলম, নেজামে ইসলাম পার্টির মাওলানা মুজাম্মিল হক তালুকদার, লেবার পার্টির মাহবুবুর রহমান খালেদ এবং এলডিপির মোজাম্মেল হোসেন লিটনসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সরকার যদি ভিন্ন পথে চলে, তবে ছাত্র-জনতা আবারো বুকের রক্ত দিয়ে রাজপথে ফ্যাসিবাদ প্রতিহত করবে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad