বিয়ানীবাজারে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে: নারী-শিশুসহ আহত ৮
সিলেট-বারইগ্রাম-বড়লেখা আঞ্চলিক মহাসড়কের বিয়ানীবাজার অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশের খাদে উল্টে পড়েছে। শনিবার (১১ এপ্রিল) রাত সোয়া ৯টার দিকে উপজেলার শেওলা পয়েন্টের গোল্ডেন সেন্টার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে বাসে থাকা নারী ও শিশুসহ অন্তত ৭-৮ জন যাত্রী আহত হয়েছেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘লুৎফা পরিবহন-২’ নামের বাসটি সিলেট কদমতলী টার্মিনাল থেকে রাত ৮টার দিকে মৌলভীবাজারের জুড়ী উপজেলার উদ্দেশ্যে রওনা হয়েছিল। শেওলা পয়েন্টের কাছাকাছি একটি বাঁক অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি উল্টে সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনতা দ্রুত এগিয়ে এসে বাসের সামনের ও পেছনের কাঁচ ভেঙে ভেতরে আটকা পড়া ৩০-৩৫ জন যাত্রীকে উদ্ধার করেন। তবে দুর্ঘটনার পরপরই চালক ও হেল্পার কৌশলে পালিয়ে যান।
ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নেওয়া বিয়ানীবাজার থানার পুলিশ পরিদর্শক (এসআই) মো. নুর উদ্দিন জানান, বাসে থাকা যাত্রীদের মধ্যে ৭-৮ জন আঘাত পেয়েছেন। তাঁদের উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণে ব্রেক ফেল হওয়া এবং চালকের অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পলাতক চালক ও হেল্পারকে শনাক্তের চেষ্টা চলছে। এলাকাটিতে সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে বাঁকগুলোতে বাড়তি সতর্কতার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এ রহমান
মন্তব্য করুন: