বইয়ের ঘ্রাণে ভরে উঠবে এমসি কলেজ ক্যাম্পাস, ৮ম বইমেলা কাল
Led Bottom Ad

বইয়ের ঘ্রাণে ভরে উঠবে এমসি কলেজ ক্যাম্পাস, ৮ম বইমেলা কাল

মইনুল হাসান আবির

১২/০৪/২০২৬ ১৬:১৫:২০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজ ক্যাম্পাস আবারও সাজছে বই আর সংস্কৃতির রঙে। বইয়ের ঘ্রাণ, কবিতার সুর আর তরুণদের প্রাণচাঞ্চল্যে মুখর হয়ে উঠবে পুরো প্রাঙ্গণ। শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘৮ম মুরারিচাঁদ কলেজ বইমেলা-২০২৬’।


আগামীকাল (১৩ এপ্রিল) থেকে শুরু হয়ে ১৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই আয়োজন।


মুরারিচাঁদ কবিতা পরিষদের উদ্যোগে আয়োজিত এ বইমেলা শুধু বই কেনাবেচার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি হয়ে উঠবে সাহিত্য, সংস্কৃতি আর অনুভূতির এক মিলনমেলা। প্রতিদিনের আয়োজনে থাকছে কবিতা পাঠ, আবৃত্তি, নাটক, নৃত্য, লোকসংগীত ও দেশাত্মবোধক গান—যা দর্শনার্থীদের হৃদয়ে ছড়িয়ে দেবে ভিন্নরকম আবেগ।


মেলার উদ্বোধন করবেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর ড. মো. আবুল কালাম আজাদ।


আয়োজকরা জানান, প্রতি বছরের মতো এবারও নতুন বইয়ের সম্ভার নিয়ে হাজির হবেন লেখক ও প্রকাশকেরা। বইয়ের স্টল ঘিরে তৈরি হবে কৌতূহলী পাঠকের ভিড়, বন্ধুবান্ধবের আড্ডা আর পরিবারের সঙ্গে সময় কাটানোর অনন্য মুহূর্ত।


মুরারিচাঁদ কবিতা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী জাবের বলেন, “এই বইমেলার মাধ্যমে তরুণদের বইয়ের প্রতি আগ্রহ বাড়ানো এবং সাহিত্য-সংস্কৃতির সঙ্গে তাদের যুক্ত করাই আমাদের মূল লক্ষ্য।”


আয়োজকদের প্রত্যাশা, বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠবে মেলা প্রাঙ্গণ। শেষদিনে বই কেনার আনন্দে ভিড় জমবে আরও বেশি—যেমনটা দেখা যায় প্রতি বছরই।

ডি আর ডি

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad