জানালেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটে হচ্ছে আধুনিক ‘প্রবাসী ভবন’
সিলেটে প্রবাসীদের জন্য সব ধরনের সেবা এক ছাদের নিচে নিশ্চিত করতে আধুনিক ‘প্রবাসী ভবন’ নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ রোববার (১২ এপ্রিল) দুপুরে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এই ভবনটি চালু হলে প্রবাসীরা হয়রানিমুক্তভাবে দ্রুততম সময়ে সরকারি সেবা গ্রহণ করতে পারবেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে মন্ত্রী বলেন, সিলেটে ছিনতাই ও রাহাজানি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে এক সপ্তাহের সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দৃশ্যমান উন্নতি দেখতে চান তিনি। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান ও জ্বালানি তেল পাচার রোধে রুটগুলো চিহ্নিত করে প্রয়োজনে অতিরিক্ত চেকপোস্ট বসানোরও নির্দেশ দেন তিনি। মালয়েশিয়ার শ্রমবাজার প্রসঙ্গে আশার বাণী শুনিয়ে মন্ত্রী বলেন, যৌথ উদ্যোগের চুক্তি ইতিবাচকভাবে এগিয়েছে এবং দ্রুতই দেশটির শ্রমবাজার উন্মুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।
প্রধানমন্ত্রী সিলেটের উন্নয়ন প্রকল্পগুলো সরাসরি তদারকি করছেন উল্লেখ করে আরিফুল হক চৌধুরী বলেন, ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথের উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে, যা বাস্তবায়িত হলে সিলেটের অর্থনীতিতে নতুন গতি আসবে। সভায় জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের সভাপতিত্বে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিকেলে মন্ত্রী গোয়াইনঘাট উপজেলার কচুয়ার পাড় এলাকায় চেঙ্গের খাল নদী ভাঙন কবলিত এলাকা ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তিনি নদী ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এর ফলে দীর্ঘদিনের নদী ভাঙন আতঙ্কে থাকা স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: