সিলেটে আরও ৩৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি
Led Bottom Ad

সিলেটে আরও ৩৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৪/২০২৬ ০০:১০:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট বিভাগে আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের মধ্যে হামের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৬ জন শিশু হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে বিভাগের ১৪টি হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে। এখন পর্যন্ত সিলেটে এই রোগের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় কার্যালয় এই উদ্বেগজনক তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, রোববার সকাল ৯টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ল্যাব পরীক্ষায় নতুন করে আরও একজন হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। তবে সিলেটে নিজস্ব ল্যাব টেস্টের ব্যবস্থা না থাকায় চিকিৎসকদের মূলত উপসর্গের ওপর ভিত্তি করেই চিকিৎসা দিতে হচ্ছে। গুরুতর রোগীদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হচ্ছে এবং সেখান থেকে রিপোর্ট আসতে সময় লাগছে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ২২ জন ভর্তি হয়েছে সিলেটের শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে। এছাড়া সুনামগঞ্জ সদর হাসপাতালে ৫ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ৪ জন, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং ফেঞ্চুগঞ্জে ২ জন শিশু ভর্তি হয়েছে। বর্তমানে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতালে সর্বোচ্চ ৬০ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৬ জন শিশু চিকিৎসাধীন রয়েছে। বাকি রোগীরা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন উপজেলা ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃত ৩ শিশুর সবাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে শিশুদের দ্রুত টিকা প্রদান নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সাথে কোনো শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিলে দেরি না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় স্বাস্থ্য প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad