বালাগঞ্জে মেটারনিটি ক্লিনিকের ভিত্তিপ্রস্তর স্থাপন
সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মুক্তারপুর (রুগনপুর) গ্রামে আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ‘আত্ব-তাকওয়া মেটারনিটি ক্লিনিক’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেবামূলক প্রতিষ্ঠানের নির্মাণকাজের শুভ সূচনা করেন।
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী বলেন, মাতৃস্বাস্থ্য রক্ষা ও শিশুমৃত্যু রোধে গ্রামীণ পর্যায়ে বিশেষায়িত ক্লিনিক অত্যন্ত জরুরি। রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এই মহতি উদ্যোগ বালাগঞ্জের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এটি হবে এই অঞ্চলের জন্য একটি “আলোর বাতিঘর”। অনুষ্ঠানের শুরুতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী খাগদিওর সাত আউলিয়া পাড়া গ্রামে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোহাম্মদ মুজিবুর রহমান আছকিরের বাসভবনে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন।
রুকন ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান আলী আহমদ নেছাওরের সভাপতিত্বে এবং সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলু ও শাহ মো. হেলালের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন আত্ব-তাকওয়া প্রজেক্টের সেক্রেটারি মোহাম্মদ মুজিবুর রহমান আছকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদি হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া, স্থানীয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ এবং সিলেট প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, এই মেটারনিটি ক্লিনিক চালু হলে স্থানীয় গর্ভবতী নারী ও নবজাতকদের জন্য সাশ্রয়ী ও উন্নত চিকিৎসা নিশ্চিত হবে। এছাড়া ‘আত্ব-তাকওয়া’ প্রকল্পের আওতায় ভবিষ্যতে এতিমখানা, হাফিজিয়া মাদ্রাসা, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং নার্সিং হোম স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা প্রবাসীদের সহযোগিতা ও স্থানীয়দের ভালোবাসায় প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন।
এ রহমান
মন্তব্য করুন: