বিশ্বনাথে রাস্তার পাশ থেকে জীবিত নবজাতক উদ্ধার
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা-লামাকাজি সড়কের ধলিপাড়া নামক স্থান থেকে জীবিত অবস্থায় এক নবজাতক শিশুকন্যাকে উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে স্থানীয় এক রিকশাচালকের তথ্যের ভিত্তিতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মুক্তার মিয়া নামে এক রিকশাচালক লামাকাজি থেকে রামপাশা ফেরার পথে ধলিপাড়া পিছের মুখ এলাকায় রাস্তার পাশ থেকে কান্নার শব্দ শুনতে পান। শব্দের উৎস খুঁজতে গিয়ে তিনি দেখতে পান, একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় নবজাতকটি পড়ে আছে। পরে তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। উদ্ধারকারীরা জানান, রাতে খোলা পরিবেশে পড়ে থাকায় শিশুটি কিছুটা শ্বাসকষ্ট ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিল।
খবর পেয়ে বিশ্বনাথ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে শিশুটি শঙ্কামুক্ত এবং সুস্থ রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "খবর পাওয়ার পরপরই আমরা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। সে এখন সুস্থ আছে। নবজাতকের পরিচয় শনাক্তে পুলিশ তদন্ত শুরু করেছে।" বর্তমানে শিশুটি সমাজসেবা অধিদপ্তর ও প্রশাসনের তত্ত্বাবধানে রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: