সিলেটে মিষ্টি ও বেকারির দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত
Led Bottom Ad

এসএমপির নতুন নির্দেশনা

সিলেটে মিষ্টি ও বেকারির দোকান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৪/২০২৬ ১৩:৪৪:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট মহানগরীতে মিষ্টান্ন ও বেকারি দোকান খোলা রাখার সময়সীমা নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় নগরীর এই পচনশীল পণ্যের দোকানগুলো রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সম্মতি দিয়েছে প্রশাসন। গতকাল রোববার (১২ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সদর দপ্তরের সভাকক্ষে পুলিশ কমিশনার মো. আবদুল কুদ্দুছ চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় মিষ্টান্ন ও বেকারি ব্যবসায়ীরা তাঁদের বিদ্যমান সংকটের কথা তুলে ধরেন। তাঁরা জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে ব্যবসা পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে। এছাড়া মিষ্টি, কেক ও পাউরুটির মতো পণ্য পচনশীল হওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে বিক্রি না হলে বড় ধরনের আর্থিক লোকসান গুনতে হয়। বিশেষ করে সাধারণ কর্মজীবী মানুষ দিনের কাজ শেষে বাসায় ফেরার পথেই এসব পণ্য কেনেন, যা ব্যবসার একটি বড় অংশ। তরল দুধ সংরক্ষণ ও বিপণন জটিলতায় ডেইরি খামারিদের ক্ষতির বিষয়ও সভায় গুরুত্বের সাথে আলোচিত হয়।

ব্যবসায়ীদের পক্ষ থেকে দোকানগুলো স্বাভাবিক সময় পর্যন্ত খোলা রাখার জোরালো দাবি জানানো হয়। আলোচনার প্রেক্ষিতে পুলিশ কমিশনার নিরাপদ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন এবং আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানিয়ে রাত ১০টা পর্যন্ত দোকান খোলা রাখার বিষয়ে সম্মতি প্রদান করেন।

সভায় এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার সুদীপ্ত রায় এবং বাংলাদেশ সুইটস ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশনের সভাপতি নজরুল ইসলাম বাবুলসহ স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রশাসনের এই সিদ্ধান্তে ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad