বিশ্বনাথে উদ্ধার হওয়া সেই নবজাতকের নাম রাখা হলো ‘ফাতেমা বেগম’
Led Bottom Ad

বিশ্বনাথে উদ্ধার হওয়া সেই নবজাতকের নাম রাখা হলো ‘ফাতেমা বেগম’

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

১৩/০৪/২০২৬ ২০:১২:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে রাতের আঁধারে রাস্তার পাশ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক শিশুটির নাম রাখা হয়েছে ‘ফাতেমা বেগম’। নিষ্ঠুরভাবে পথের ধারে ফেলে যাওয়া শিশুটিকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকে তার এই নামকরণ ও প্রয়োজনীয় উপহারসামগ্রী নিশ্চিত করা হয়েছে।

ঘটনাটি গত রোববার (১২ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার রামপাশা ইউনিয়নের ধলিপাড়া গ্রাম সংলগ্ন রামপাশা-লামাকাজী সড়কে ঘটে। স্থানীয় সিএনজিচালিত অটোরিকশা চালক মুক্তার মিয়া গাড়ি নিয়ে ফেরার পথে হঠাৎ তাঁর গাড়িটি বন্ধ হয়ে যায়। নির্জন সড়কে শিশুর কান্নার আওয়াজ শুনে এগিয়ে গেলে তিনি একটি পাতলা কাঁথায় মোড়ানো অবস্থায় নবজাতকটিকে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে দেখতে যান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি শিশুটিকে কোলে তুলে নেন এবং উপস্থিত সবার সম্মতিতে তার নাম রাখেন ‘ফাতেমা বেগম’। পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ওসমানীনগর সার্কেল) মনছুরা আক্তার এবং ওসি গাজী মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। প্রশাসনের পক্ষ থেকে শিশুটির জন্য নতুন কাপড় ও প্রয়োজনীয় বিভিন্ন উপহারসামগ্রী প্রদান করা হয়।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলাম জানিয়েছেন, শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নবজাতকটির নিরাপদ ভবিষ্যতের কথা চিন্তা করে তাকে সিলেটের বাগবাড়ীস্থ সরকারি ‘ছোটমণি নিবাসে’ পাঠানো হয়েছে। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং সেখানে সে নিবিড় পর্যবেক্ষণে থাকবে। প্রশাসনের এমন মানবিক উদ্যোগ ও দ্রুত পদক্ষেপের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad