‘কাজের সংখ্যার চেয়ে মানের ওপর গুরুত্ব দিতে হবে’
Led Bottom Ad

গোয়াইনঘাটে আরিফুল হক চৌধুরী

‘কাজের সংখ্যার চেয়ে মানের ওপর গুরুত্ব দিতে হবে’

নিজস্ব প্রতিনিধি, গোয়াইনঘাট

১৩/০৪/২০২৬ ২১:০৫:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রকল্পের সংখ্যার চেয়ে কাজের মানের ওপর অধিক গুরুত্ব দিতে হবে। যে কোনো উন্নয়নকাজ যেন দীর্ঘস্থায়ী ও টেকসই হয়, তা নিশ্চিত করা জরুরি। আজ সোমবার (১৩ এপ্রিল) সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সমাপ্ত ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন এবং নতুন কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

পরিদর্শনকালে মন্ত্রী পুকাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত সংযোগ সড়কের সমাপ্ত কাজ দেখে সন্তোষ প্রকাশ করেন এবং জনবহুল এলাকাকে অগ্রাধিকার দিয়ে নতুন প্রকল্প গ্রহণের নির্দেশনা দেন। এছাড়া জাফলং ব্রিজ সংলগ্ন প্রস্তাবিত পুলিশ ফাঁড়ি এলাকা পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের জন্য স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ এবং পরিবেশের জন্য ক্ষতিকর ইউক্যালিপটাস গাছ অপসারণ করে ফলদ বৃক্ষ রোপণের নির্দেশ প্রদান করেন। মন্ত্রী স্থানীয় প্রশাসনকে ফায়ার সার্ভিস স্টেশন ও উপজেলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের জন্য জমি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার তাগিদ দেন।

সিলেটের তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী বলেন, এখানে কারিগরি প্রশিক্ষণের পাশাপাশি চীনা, জাপানি ও কোরিয়ান ভাষা শিক্ষার ব্যবস্থা করা হবে। এছাড়া কোম্পানীগঞ্জ হাইটেক পার্কের অব্যবহৃত অবকাঠামো ব্যবহার করে রপ্তানিমুখী শিল্পনগরী গড়ে তোলার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাথর কোয়ারি সচল করার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে শিগগিরই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে।

এর আগে মন্ত্রী বীরমঙ্গল উচ্চ বিদ্যালয়ের ৫-তলা একাডেমিক ভবন এবং জিসি সড়ক হতে গহড়া দোয়ারীখেল সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী, সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুখসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় মন্ত্রীর এসব দিকনির্দেশনা স্থানীয় পর্যায়ে ব্যাপক প্রশংসিত হয়েছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad