‘কাজিরবাজারের ইজারা থেকে প্রাপ্ত রাজস্বে হবে নগর উন্নয়ন’
Led Bottom Ad

সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী

‘কাজিরবাজারের ইজারা থেকে প্রাপ্ত রাজস্বে হবে নগর উন্নয়ন’

প্রথম সিলেট প্রতিবেদন

১৩/০৪/২০২৬ ২১:১০:২৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

দীর্ঘ আইনি লড়াই শেষে সিলেট নগরীর ঐতিহ্যবাহী কাজিরবাজারের মালিকানা চূড়ান্তভাবে রাষ্ট্রের অনুকূলে এসেছে। সরকারের পক্ষ থেকে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) এক বছরের জন্য বাজারটি ইজারা দিয়েছে এবং এই ইজারা থেকে প্রাপ্ত রাজস্বের একটি অংশ ওয়াকফ এস্টেটকে প্রদানের পাশাপাশি অবশিষ্ট অংশ নগরবাসীর কল্যাণে ব্যয় করা হবে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কাজিরবাজার পরিদর্শনকালে সাংবাদিকদের এসব তথ্য জানান সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

পরিদর্শনকালে সিসিক প্রশাসক বাজারের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বলেন, অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া এই বাজারটি প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর পারিবারিক উপাধি ‘কাজী’ থেকে বাজারটির নামকরণ করা হয়। তিনি জনহিতকর কাজের উদ্দেশ্যে তাঁর বিপুল সম্পত্তি ওয়াকফ এস্টেটে দান করে যান। অতীতে সিলেটের জেলা প্রশাসক এবং বর্তমানে বিভাগীয় কমিশনার এই এস্টেটের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী উল্লেখ করেন, হাটবাজার নীতিমালা অনুযায়ী কোনো বাজার ব্যক্তিমালিকানাধীন হতে পারে না; এর প্রকৃত মালিক সরকার। কাজিরবাজারের মালিকানা নিয়ে নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে সরকারের পক্ষে চূড়ান্ত রায় আসে। বিভাগীয় কমিশনার সরাসরি বাজার পরিচালনা করতে না পারায় সিটি কর্পোরেশনকে এক বছরের জন্য এই হাট ইজারা দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব রাজস্ব আয়ই নগর উন্নয়নের প্রধান উৎস। কাজিরবাজার থেকে অর্জিত রাজস্বের একটি নির্দিষ্ট অংশ ‘খান বাহাদুর আবু নছর মোহাম্মদ এহিয়া ওয়াকফ এস্টেট’-কে প্রদান করা হবে এবং বাকি অর্থ দিয়ে নগরীর অবকাঠামো ও জনকল্যাণমূলক কাজ করা হবে। বাজার পরিচালনায় সিসিক ও ইজারাদারকে সহযোগিতা করার জন্য তিনি এলাকাবাসীসহ সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের সচিব মো. আশিক নূর, প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেবসহ কর্পোরেশনের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad