ডিএমপি’র ভুয়া এডিসি পরিচয়ে প্রতারণা, সিলেটে একজন আটক
সিলেটে পুলিশের ভুয়া পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে বাংলাদেশ পুলিশ। তিনি নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রতারণা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন একটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ (৩০)। তিনি গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামের বাসিন্দা। পাশাপাশি বিশ্বনাথ ও সিলেট নগরীর রায়নগর এলাকায়ও বসবাস করতেন বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর ডিবি শাখার এডিসি পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় প্রভাব বিস্তার ও প্রতারণা করে আসছিলেন। ঘটনার দিন তিনি রেস্টুরেন্টে গিয়ে উপস্থিতদের কাছে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নম্বর জানতে চান। তার আচরণ সন্দেহজনক মনে হলে সেখানকার সাদা পোশাকের পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করেন।
পরিচয় নিশ্চিত করতে চাইলে তিনি পুনরায় নিজেকে ডিএমপি’র এডিসি (ডিবি) হিসেবে দাবি করেন। পরে বিষয়টি সন্দেহজনক মনে হলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। এরপর সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নির্দেশে দক্ষিণ সুরমা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।
পুলিশ জানিয়েছে, তাকে হেফাজতে নিয়ে থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: