প্রবাসীদের স্বপ্নপূরণে নতুন দিগন্ত:
সিলেট-ম্যানচেস্টার ফ্লাইট ১ জুলাই থেকে ফের চালু
প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘদিনের প্রত্যাশা ও যাত্রী চাহিদার প্রেক্ষিতে আবারও চালু হতে যাচ্ছে বহুল গুরুত্বপূর্ণ সিলেট-ম্যানচেস্টার রুটের ফ্লাইট। আগামী ১ জুলাই থেকে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একইসঙ্গে ঢাকা-সিলেট রুটেও নিয়মিত ফ্লাইট চালু থাকবে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
যাত্রীসেবার মান বজায় রাখা ও অপারেশনাল কার্যক্রমের স্থিতিশীলতার লক্ষ্যে গত ১ মার্চ এ রুটের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। তবে আসন্ন হজ কার্যক্রম শেষে পুনরায় এই গুরুত্বপূর্ণ রুটে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে সপ্তাহে দুইদিন—শনিবার ও মঙ্গলবার—ফ্লাইট চলাচল করবে।
ফ্লাইট সূচি অনুযায়ী:
ঢাকা-সিলেট-ম্যানচেস্টার রুটে ঢাকা থেকে সকাল ১০টা ৫৫ মিনিটে যাত্রা শুরু হবে, সিলেটে পৌঁছে দুপুর ১২টা ৫০ মিনিটে ম্যানচেস্টারের উদ্দেশ্যে উড্ডয়ন করবে, এবং স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে পৌঁছাবে।
অন্যদিকে ম্যানচেস্টার-সিলেট-ঢাকা রুটে ম্যানচেস্টার থেকে রাত ৯টায় যাত্রা শুরু হয়ে পরদিন বেলা ১১টা ৫০ মিনিটে সিলেটে পৌঁছাবে এবং দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, এই রুটে ভ্রমণের জন্য যাত্রীরা এখন থেকেই টিকিট বুকিং করতে পারবেন। বিস্তারিত তথ্য পাওয়া যাবে বিমানের ওয়েবসাইট, কল সেন্টার (১৩৬৩৬ বা +৮৮০৯৬১০৯-১৩৬৩৬), নিকটস্থ সেলস সেন্টার এবং আইএটিএ অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে।
এই ফ্লাইট পুনরায় চালুর ফলে যুক্তরাজ্য প্রবাসী সিলেটবাসীর যাতায়াত আরও সহজ, স্বস্তিদায়ক এবং সময়সাশ্রয়ী হবে বলে আশা করা হচ্ছে।
ডি আর ডি
মন্তব্য করুন: