১৫ দিনে ৪ শিশুর প্রাণহানি
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
সিলেটে হামের প্রাদুর্ভাবের মধ্যে এই রোগে আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১০ মাস বয়সী ওই শিশুটি মারা যায়। এ নিয়ে সিলেট বিভাগে চলতি মাসের প্রথম ১৫ দিনেই হাম ও হামের উপসর্গ নিয়ে মোট চার শিশুর প্রাণহানি ঘটল। ওসমানী হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. কামরুজ্জামান শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শিশুটি হাম ছাড়াও হার্ট ফেইলিউরসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিল।
স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগে নতুন করে আরও তিনজনের শরীরে হাম শনাক্ত হয়েছে, যা নিয়ে চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ জনে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ১০৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন, যার মধ্যে ৩০ জন গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬২ জন এবং ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন চিকিৎসাধীন।
উল্লেখ্য, এর আগে গত ৬, ৮ ও ১০ এপ্রিল হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছিল, যাদের সবার বয়স ছিল দুই বছরের কম। উদ্ভূত পরিস্থিতিতে হাম মোকাবিলায় প্রয়োজনীয় সকল প্রস্তুতি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ রহমান
মন্তব্য করুন: