বাহরাইনে নিহত সিলেটের গিরিশে চন্দ্রের মরদেহ দেশে পৌঁছেছে
বাহরাইনে কর্মরত অবস্থায় নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ আজ বুধবার (১৫ এপ্রিল) সকালে দেশে পৌঁছেছে। সকাল সাড়ে ৮টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছালে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির উপস্থিত থেকে তা গ্রহণ করেন। পরে মন্ত্রী নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে আনুষ্ঠানিকভাবে মরদেহ হস্তান্তর করেন। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মরদেহ হস্তান্তরের সময় বাণিজ্যমন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণে সরকার বদ্ধপরিকর এবং গিরিশ চন্দ্রের সৎকার কাজের জন্য তাৎক্ষণিকভাবে ৩৫ হাজার টাকা প্রদান করা হয়েছে। এছাড়া ওয়ারিশ সনদ প্রাপ্তি সাপেক্ষে নিহতের পরিবারকে আরও ৩ লাখ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে বলেও তিনি জানান। সিলেট সদর উপজেলার পূর্ব মাছপাড়া এলাকার বাসিন্দা গিরিশ চন্দ্রের আত্মার শান্তি কামনা করে মন্ত্রী বিদেশগামী সকল কর্মীকে অবশ্যই বিএমইটির মাধ্যমে নিবন্ধিত হয়ে যাওয়ার আহ্বান জানান, যাতে যেকোনো প্রয়োজনে সরকার দ্রুত সহায়তা নিশ্চিত করতে পারে। গত কয়েক দিন আগে বাহরাইনে কর্মস্থলে থাকা অবস্থায় প্রাণ হারান এই প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা।
এ রহমান
মন্তব্য করুন: