আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা
বিশ্বনাথ উপজেলার স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান আল-মুছিম স্কুল অ্যান্ড কলেজ-এ এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে প্রতিষ্ঠান প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা জানানো হয় এবং দোয়া মাহফিলের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী শিক্ষক আবদুল কাদির জীবন এবং সঞ্চালনা করেন সহকারী শিক্ষক রিপন মিয়া। প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম। বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী সুমন আহমদের মহাগ্রন্থ আল-কোরান তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মুমিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমেশ কান্তি দাশ, শাকিল আহমদ, মোস্তফা মাসুদ, বন্যা রানী দাশ, নমিতা রানী দাশ, তানজিনা বেগম, রুবা বেগম, ফারজানা বেগম ও শাম্মী বেগম প্রমুখ।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন, বিদ্যালয়ের স্কুল ক্যাপ্টেন (বালিকা), দশম শ্রেণির ছাত্রী আনিসা হক ইয়ারা ও বিদ্যালয়ের স্কুল ক্যাপ্টেন (বালক), দশম শ্রেণির ছাত্র মুহাম্মদ মিনহাজ আহমদ। এসএসসি-২০২৬ বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে মানপত্র পাঠ করেন মাহিমা জাহান ও জুলি বেগম। পরে শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা বলেন, ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলা জীবনে সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম বলেন, বিদায় কোনো শেষ নয়, বরং নতুন জীবনের শুরু। তিনি শিক্ষার্থীদের সততা, পরিশ্রম ও শৃঙ্খলার মাধ্যমে ভবিষ্যতে দেশ ও জাতির সম্পদ হয়ে ওঠার আহ্বান জানান।
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্যে বলা হয়, বিদ্যালয়টি তাদের জন্য শুধু শিক্ষার স্থান নয়, বরং স্বপ্ন গড়ার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: