জকিগঞ্জে গৃহবধূর ওপর নির্মম হামলা, গর্ভের সন্তান নষ্টের অভিযোগ
জকিগঞ্জ উপজেলার বিরশ্রী ইউনিয়নের ডালুরপার গ্রামে এক গৃহবধূর ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ রয়েছে, ভাসুরের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় এ হামলা চালানো হয়।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অভিযুক্ত ভাসুর হিমাংশু বিশ্বাস তার সঙ্গে আপত্তিকর আচরণ ও ধর্ষণের চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে স্বামী এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। পরে হিমাংশু বিশ্বাস, তার স্ত্রী রেভা রানী বিশ্বাস এবং মা অঞ্জনা বালা বিশ্বাস মিলে গৃহবধূর ওপর শারীরিক নির্যাতন চালায়।
অভিযোগে বলা হয়, হামলার সময় গলা চেপে ধরা ও শরীরের বিভিন্ন স্থানে নখ দিয়ে আঘাত করা হয়। এ ঘটনায় গর্ভবতী ওই নারী গুরুতর আহত হন। কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুল ইসলাম জানিয়েছেন, হামলার ফলে তার গর্ভের সন্তান নষ্ট হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
ঘটনাটি গত ১৭ এপ্রিল শুক্রবার সকাল ৮টার দিকে ভুক্তভোগীর নিজ বাড়িতে ঘটে। এ সময় হামলাকারীরা ঘরে থাকা প্রায় ৫০ হাজার টাকা এবং স্বর্ণালংকার লুট করে নেয় বলেও অভিযোগ রয়েছে।
প্রাণ বাঁচাতে ভুক্তভোগী পাশের বাড়িতে আশ্রয় নিলে সেখানেও হামলার চেষ্টা করা হয়। পরে স্থানীয় লোকজন, পুলিশ ও মানবাধিকারকর্মীদের সহায়তায় তাকে উদ্ধার করে প্রথমে জকিগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এ পাঠানো হয়। চিকিৎসা শেষে ১৯ এপ্রিল তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী নিজে বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জকিগঞ্জ থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনা শোনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে, তবে লিখিত অভিযোগ পাওয়ার বিষয়টি এখনও প্রক্রিয়াধীন।
এদিকে এ ঘটনায় বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি উঠেছে।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: